৪র্থ শিল্প বিপ্লবের বাস যেন মিসড না হয়

৭ ফেব্রুয়ারি, ২০২০ ২৩:৫৪  
আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলমান ১৬তম বেসিস সফট এক্সপো’র দ্বিতীয় দিন শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত হলো সিএক্সওদের লিডারশিপ বৈঠক। বৈঠকে ডিজিটাল বাংলাদেশ লক্ষ্য বাস্তবায়নে প্রাযুক্তিক উৎকর্ষ সাধন ও প্রস্তুতি বিষয়ে আলোচনায় অংশ নেন বক্তারা। একইসঙ্গে কর্পোরেট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে দেশী সফটওয়্যার ব্যবহার বাড়াতে কোন কোন বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন সে বিষয়ে আলোকপাত করেন।
সনি করপোরেশনের সাবেক প্রেসিডেন্ট কুনিতাকে আন্দো মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে তিনি দেশের তরুণ জনশক্তির প্রতি ইঙ্গিত করে বলেন, বাংলাদেশের তরুণদের অবিশ্বাস্য সাফল্যময় ভবিষ্যত দেখছি।
কুনিতাকে আন্দো বলেন, ‘আজ আমরা চতুর্থ শিল্পবিপ্লবের দ্বারপ্রান্তে। প্রতিনিয়ত তথ্যপ্রযুক্তির প্রসার বদলে দিচ্ছে জীবনমান। তথ্যপ্রযুক্তির এ ধারায় চতুর্থ শিল্পবিপ্লবে আমূল পাল্টে যাবে গতানুগতিক জীবনধারা। প্রতিটি খাতই এ পালাবদলের মধ্য দিয়ে যাবে। তথ্যপ্রযুক্তির পালাবদলের ধারার সঙ্গে তাল মিলিয়ে যারা সেরা প্রস্তুতিটা নিতে পারবে, তারাই টিকে থাকবে। এগিয়ে যাবে অগ্রগতির নতুন সোপানের দিকে।’
বেসিস সফট এক্সপো ২০২০ এর আহ্বায়ক ও বেসিস সহ-সভাপতি (অর্থ) মুশফিকুর রহমানের উপস্থাপনা শেষ এই বৈঠকটি সঞ্চালনা করেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর।
বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোর আইআর বিশেষজ্ঞ ও সিম্মি টেকনোলজিসের প্রধান নির্বাহী সারা ক্রসলে। প্যানেল আলোচনায় অংশ নেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন, বিজিএমইএ-এর সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক হাসান, ঢাকা ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুর রহমান, অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর এবং ইম্পিরিয়াল কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের (আইসিআই) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলা। সিম্মি টেকনোলজিসের প্রধান নির্বাহী সারা ক্রসলে বলেন, ‘আমাদের সংগঠনের সদস্যেদের ইতিমধ্যে চতুর্থ শিল্পবিপ্লবের জন্য প্রস্তুত করতে কাজ শুরু করে দিয়েছি। এই জন্য আমরা একটি উদ্যোগ নিয়েছি, যার নাম রিসার্চ অ্যান্ড ডেভেলপ ইন বাংলাদেশ।’